জাতীয় শহীদ সেনা দিবসে ইফতার অনুষ্ঠান, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শহীদ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

নয়া দিগন্ত অনলাইন
২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে ইফতার অনুষ্ঠিত
২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে ইফতার অনুষ্ঠিত |সংগৃহীত

২০০৯ সালের গত ২৫-২৬ ফেব্রুয়ারি বিডিআর (বর্তমানে বিজিবি) সদরদফতর, পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর শহীদ সেনা সদস্যগণের ১৭তম শাহাদতবার্ষিকী স্মরণে এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মানে মতবিনিময় সভা ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে মতবিনিময় সভা ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শহীদ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

পাশাপাশি, মতবিনিময় সভায় শহীদ পরিবারের সদস্যরা তাদের বিভিন্ন দাবি ও প্রাসঙ্গিক বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন।

প্রধানমন্ত্রী এ সকল বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করে পর্যায়ক্রমে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

ওই ইফতার অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্য এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাসস