খেলাধুলাই গড়ে তুলবে ভবিষ্যতের নেতৃত্ব: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী বলেন, শিশুদের ইভটিজিংসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি তাদের আগ্রহী করে তুলতে হবে। একই সঙ্গে খেলাধুলার মধ্য দিয়ে অর্জিত বিভিন্ন শিক্ষণীয় বিষয়ও শিশুদের কাছে তুলে ধরতে হবে শিক্ষকদের।

নয়া দিগন্ত অনলাইন

খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি তৈরি করা সম্ভব বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রধানমন্ত্রী এমন একটি নতুন প্রজন্ম গড়ে তুলতে চান, যারা ভবিষ্যতে দেশকে এগিয়ে নিতে নেতৃত্ব দেবে। আর সেই নেতৃত্ব বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মঙ্গলবার রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে ‘খেলায় খেলায় শিখি’ তথ্যপুস্তক পর্যালোচনা বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিশুদের ইভটিজিংসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি তাদের আগ্রহী করে তুলতে হবে। একই সঙ্গে খেলাধুলার মধ্য দিয়ে অর্জিত বিভিন্ন শিক্ষণীয় বিষয়ও শিশুদের কাছে তুলে ধরতে হবে শিক্ষকদের।

তিনি বলেন, ‘এবার আমরা তড়িঘড়ি করে চতুর্থ শ্রেণি থেকে “খেলায় খেলায় শিখি” কার্যক্রম শুরু করছি। আগামীতে এটি প্রথম শ্রেণি থেকেই শুরু করা হবে।’

২০২৮ সালের কারিকুলাম প্রণয়নের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগামী সপ্তাহে এ জন্য একটি কমিটি গঠন করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিক পর্যায় থেকেই নতুন প্রজন্ম গড়ে তুলতে সরকার কাজ করছে। এরই অংশ হিসেবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ‘খেলায় খেলায় শিখি’ উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, খেলাধুলার মাধ্যমে শিশুদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়। ভবিষ্যতে দেশ পরিচালনায় সক্ষম ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।