অন্যের হয়ে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের এক কম্পিউটার মুদ্রাক্ষরিকের চাকরি অবসান ঘোষণা করা হয়েছে।
পিএসসি সচিবালয়ের প্রশাসন-২ শাখা থেকে সম্প্রতি জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে স্বাক্ষর করেন সচিব ড. মো: সানোয়ার জাহান ভূঁইয়া।
আদেশে বলা হয়, কম্পিউটার মুদ্রাক্ষরিক মো: লিমন গত ১ জুন ৪টা ৩০ মিনিটে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর, মহাখালী, ঢাকা কর্তৃক গৃহীত অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন।
আদালতে অপরাধ স্বীকার ও সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৬(১) ও ৭(১) অনুযায়ী তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
উল্লেখ্য, মো: লিমন ৪ আগস্ট পিএসসি সচিবালয়ে যোগদান করেন এবং তার শিক্ষানবিশকাল সম্পন্ন হয়নি।
আদেশে বলা হয়, নিয়োগ বিধিমালা, ২০০৮-এর ৬(১)(ক) ও ৬(২)(ক) এবং নিয়োগপত্রের শর্তাবলি অনুযায়ী ১ জুন, ২০২৬ থেকে তার চাকরির অবসান ঘটানো হলো। এ আদেশ ওই তারিখ থেকেই কার্যকর হবে। বাসস



