জুলাইয়ের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজার সময় পরিবর্তন করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী আগামীকাল শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) চিফ অ্যাডভাইজার জিওবির এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়েছে, ‘আগামীকাল বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহিদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে নামাজে জানাজা দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবার ঘোষণা দেয়া হয়েছিল।’
জানায় অংশগ্রহণেচ্ছুদের উদ্দেশ্যে বলা হয়েছে, ‘শহিদ ওসমান হাদির নামাজে জানাজায় যারা অংশ নিতে আসবেন, তারা কোনো প্রকার ব্যাগ বা ভারি বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।’
‘একইসঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।’
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় হাদির লাশ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে তার লাশ গ্রহণের সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সদস্য সচিব আখতার হোসেন উপস্থিত ছিলেন।



