এআই ও ৫জি নিয়ে বড় পরিকল্পনা সরকারের

টেলিকম খাতে স্বচ্ছতার প্রতিশ্রুতি

‘এখন আমরা ৫জি নিয়ে ভাবছি। এআই নিয়ে খুবই সিরিয়াস। উপজেলা পর্যায়ে সেন্টার করে তরুণদের এআই ও ফ্রিল্যান্সিং শেখাতে চাই।’

নয়া দিগন্ত অনলাইন
‘টেলিকম খাতের ভবিষ্যৎ : নতুন সরকার কী ভাবছে’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মন্ত্রী ফকির মাহবুব আনাম
‘টেলিকম খাতের ভবিষ্যৎ : নতুন সরকার কী ভাবছে’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মন্ত্রী ফকির মাহবুব আনাম |সংগৃহীত

দেশের টেলিকম খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সরকার এখন ৫জি প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে ‘খুবই গুরুত্বের সাথে’ কাজ করছে।

তিনি বলেন, উপজেলা পর্যায়ে সেন্টার গড়ে তরুণদের এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জনগণের কাছে ডিজিটাল সেবা পৌঁছে দিতে বিমানবন্দরগুলোতে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট চালু করা হয়েছে।

শনিবার (১৬ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে টিআরএনবি আয়োজিত ‘টেলিকম খাতের ভবিষ্যৎ : নতুন সরকার কী ভাবছে’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এখন আমরা ৫জি নিয়ে ভাবছি। এআই নিয়ে খুবই সিরিয়াস। উপজেলা পর্যায়ে সেন্টার করে তরুণদের এআই ও ফ্রিল্যান্সিং শেখাতে চাই।

সরকারের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের কথা তুলে ধরে তিনি বলেন, তিন মাসের মাথায় সরকার জনগণের কাছে সেবা নেয়ার জন্য রেলস্টেশনের পর বিমানবন্দরগুলোকে ফ্রি ওয়াইফাই ইন্টারনেট করে দিয়েছে। সরকার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। তবে নির্বাচিত সরকার হিসেবে আমাদের কিছু দায়িত্বও আছে।

রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ৫০০ থেকে ৬০০ কোটি টাকা বিনিয়োগ করা গেলে ভবিষ্যতে টেলিটক গ্রামীণফোনকেও ছাড়িয়ে যেতে পারে।

তিনি জানান, টেলিটক বিক্রি না করে সরকার-টু-সরকার (জিটুজি) অথবা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে বিনিয়োগ আনার চেষ্টা চলছে।

মন্ত্রী আরো বলেন, সবার জন্য নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা নিশ্চিত করতে ফাইবার ও স্যাটেলাইট সংযোগ সম্প্রসারণে কাজ করছে সরকার। একইসাথে এআই, ক্লাউড ও সাইবার নিরাপত্তা খাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।

টিআরএনবির সভাপতি সমীর কুমার দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রবির হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স সাহেদ আলম। ইউএনবি