নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৭৫০০ লিটার সয়াবিন তেল জব্দ, গৌতম কুমার শাহাকে জরিমানা

উদ্ধার হয়েছে টিসিবির ৩২.৫ টন আটা

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জে বিজিবি ও প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হয়
নারায়ণগঞ্জে বিজিবি ও প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হয় |নয়া দিগন্ত

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি), নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, জেলা খাদ্য অধিদফতর ও পুলিশের সমন্বয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং অবৈধ মজুদ প্রতিরোধে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ জেলার নিতাইগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো: ফারজিন ফাহিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি বিন কাদিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার সুমিত রাজা, খাদ্য অধিদফতরের ডিসি জনাব মো: বাবুল হোসেন এবং পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ৮১ বংশাল রোড, নিতাইগঞ্জ এলাকায় অবস্থিত ‘মেসার্স বিকে ফুড প্রোডাক্ট’-এ অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুদ ও মোড়কজাত করা মোট ৭,৫০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ অপরাধে প্রতিষ্ঠানের মালিক গৌতম কুমার শাহাকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

একই অভিযানের ধারাবাহিকতায় ‘এস ডি ফ্লাওয়ার মিলস’ এবং ‘গাউসুল আজম ফুড অ্যান্ড এলাইট মিল’-এ অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুদ করা টিসিবির মোট ৬৫০ বস্তা (৩২.৫ টন) আটা উদ্ধার ও জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজার এবং জিএমকে মোবাইল কোর্টের মাধ্যমে সর্বমোট ২,০০,০০০/- (দুই লাখ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে যথাক্রমে ৭ দিনের এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত বলেন, দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে এবং অবৈধ মজুদ ও কারসাজি প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।