দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারো চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। রোববার দিবাগত রাত ২টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যায়।
এর আগে বিমানবন্দরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, ভবিষ্যতে এই রুট আর বন্ধ হওয়ার প্রশ্নই আসে না। এবার রুটটি লাভজনক হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, উদ্বোধনী ফ্লাইটসহ ফিরতি ও পরবর্তী ফ্লাইটগুলোর টিকিট ইতোমধ্যে বুকিং হয়ে গেছে। এতে জাপানপ্রবাসী বাংলাদেশীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে।
‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ঢাকা-নারিতা ফ্লাইট চালু করা সম্মিলিত প্রচেষ্টার ফল। এই রুট চালুর মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো দৃঢ় হবে। একই সাথে দুই দেশের অর্থনৈতিক ও পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, জাপানে বসবাসরত প্রায় ৪৫ হাজার বাংলাদেশি শিক্ষার্থী, শ্রমিক ও অভিবাসীর কথা বিবেচনায় নিয়ে ফ্লাইটটি পুনরায় চালু করা হয়েছে। ভবিষ্যতের চাহিদা বিবেচনায় বিমান বহরে বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত করা হবে, যাতে এ রুট আর বন্ধ না হয়।
তিনি বলেন, ১৯৮০ সালে উড়োজাহাজের স্বল্পতা থাকা সত্ত্বেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ-জাপান সম্পর্ক জোরদারে ঢাকা-নারিতা ফ্লাইট চালু করেছিলেন। দীর্ঘ বিরতির পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় আবারো এ রুট চালু করা হলো।
পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রী জাপানগামী যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন এবং ফিতা কেটে ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ১ জুলাই ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট বন্ধ হয়ে যায়। প্রায় এক বছর পর পুনরায় চালু হওয়া এই রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৭৬ ফ্লাইটটি রোববার দিবাগত রাতে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ে।



