হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশনস, উত্তর) মো: রফিকুল হাসান গণি বলেছেন, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই সহ্য করা হবে না। ভাড়া সরকার থেকে নির্ধারণ করে দেয়া হয়েছে। কোনোভাবেই অতিরিক্ত ভাড়া নেয়ার সুযোগ নেই।
বুধবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চন্দ্রা-কেন্দ্রিক সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিবহন মালিকদের উদ্দেশে ডিআইজি বলেন, ‘আপনারা ফিটনেসবিহীন কোনো গাড়ি চালাবেন না। এ ছাড়াও দক্ষ চালক ছাড়া গাড়ি চালাতে দেবেন না। মহাসড়কে কোনো ধরনের গাড়ি পার্কিংয়ের সুযোগ নেই।’
এ ছাড়াও মহাসড়ক ও ফুটপাতে যেন কোনো দোকান বসতে না পারে এজন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন তিনি।
গাজীপুর হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহর সভাপতিত্বে আলোচনা ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার মো: শরিফ উদ্দীন, সড়ক ও জনপথ অধিদফতরের (সওজ) নির্বাহী প্রকৌশলী খ. মো: শরীফুল আলম, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন, বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমান প্রমুখ।
এ সময় নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওগাতুল আলমসহ পরিবহন মালিক-শ্রমিক নেতারা এবং নিরাপদ সড়ক আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন।



