৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার ১৬৫ জন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টার দিকে সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ ফল প্রকাশ করে। পিএসসির ওয়েবসাইটে এ ফল পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫-এর লিখিত পরীক্ষা গত ৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় মোট ছয় হাজার ১৬৫ জন প্রার্থী কমিশনের অনুমোদনক্রমে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।
পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে যুক্তিসঙ্গত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গত ৩০ জানুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে ১০ ফেব্রুয়ারি ফল ঘোষণা করা হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছিলেন ১২ হাজার ৩৮৫ জন।
বিভিন্ন ক্যাডারের এক হাজার ৭৫৫টি পদে ও নন ক্যাডারের ৩৯৫টি পদসহ মোট দুই হাজার ১৫০ পদে পদে নিয়োগে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি গত ২৬ নভেম্বর প্রকাশ করে পিএসসি।
এ বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি স্বাস্থ্যে ৬৫০ জন ও প্রশাসনে ২০০ জন নিয়োগ দেবে সরকার। তৃতীয় অবস্থানে শিক্ষা ক্যাডারে ১৮৫ জনকে নিয়োগ দেয়া হবে। ইউএনবি



