আজ জাতীয় সংসদ ভবনে অবস্থিত কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
কমিশন থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার (১৬ জুলাই) এ কথা জানানো হয়।
কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে সভায় কমিশনের সদস্য বিচারপতি মো: এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো: আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
সভার শুরুতে আজ ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় গত ১৪ দিন ধরে কমিশনের সাথে ৩০টি রাজনৈতিক দলের অনুষ্ঠিত ধারাবাহিক আলোচনার বিভিন্ন দিক ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়োগ এবং দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ গঠন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যকার মতপার্থক্য দূরীকরণে সম্ভাব্য প্রস্তাব ও নীতিগত দিক নিয়ে আলোচনা হয়।
কমিশন সূত্রে জানা গেছে, জুলাই মাসের মধ্যে দ্রুত জুলাই সনদ প্রণয়নের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আগামী সপ্তাহে আবারো সংলাপে বসবে কমিশন। বাসস



