চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
রোববার রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১৭তম দিনে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মাধ্যমে এ প্রকল্পে চীনের কারিগরি সহায়তা ও অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।
বজেট আলোচনায় তিনি বলেন, তিস্তা, পদ্মা, মেঘনা ও যমুনাসহ দেশের প্রায় ৪ হাজার কিলোমিটার নদীভাঙন এলাকায় মানুষ কষ্টে আছে। তাদের জীবন-জীবিকা রক্ষায় সরকার কাজ করছে। পদ্মা ব্যারেজ প্রকল্পের মাধ্যমে প্রায় এক-তৃতীয়াংশ জনগণ উপকৃত হবে বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী জানান, তিস্তা ও ধরলা অববাহিকার মানুষের জন্য চলতি অর্থবছরেই মহাপরিকল্পনার কাজ শুরু হবে। চীন সফরে পানিসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে এবং ফিজিবিলিটি স্টাডি চলছে।
তিনি আরো বলেন, খাল খননের মাধ্যমে কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘদিনের বঞ্চনা ও আন্দোলনের পর একটি স্বাধীন সংসদে কথা বলার সুযোগ এসেছে।



