রাজধানীর কদমতলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় আল আমিন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় রাজিব (৪০) নামে আরো একজন আহত হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সাদ্দাম মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন বরগুনার আমতলী থানার উত্তর গজখালি গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে। তিনি বর্তমানে শ্যামপুর এলাকায় পরিবারের সাথে থাকতেন। তিনি অনন্ত হাউজিং লিমিটেডের জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
আহত রাজিব জানান, তিনি ও আল আমিন অনন্ত হাউজিং লিমিটেডে একই অফিসে কর্মরত ছিলেন। অফিস শেষে মোটরসাইকেলে একসাথে বাসায় ফেরার পথে সাদ্দাম মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, বিপরীত দিক থেকে একটি অটোরিকশা আসায় তিনি মোটরসাইকেলের গতি কমান। এ সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা দুইজনই রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে আল আমিনকে মৃত ঘোষণা করেন। রাজিবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, আল আমিনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।



