ফ্লাইট শেষ ৩১ মে : সৌদি পৌঁছেছেন ৫০৩১৭ হজযাত্রী

এখন পর্যন্ত ৫০ হাজার ৩১৭ জন হজযাত্রীর মধ্যে আটজনের মৃত্যু হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
এখন পর্যন্ত সৌদি পৌঁছেছেন ৫০৩১৭ হজযাত্রী
এখন পর্যন্ত সৌদি পৌঁছেছেন ৫০৩১৭ হজযাত্রী |বাসস

চলতি বছর পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গমনের হজ ফ্লাইট শেষ হতে যাচ্ছে আগামী ৩১ মে। ধর্ম মন্ত্রণালয়ের আশকোনা হজ অফিসের তথ্য অনুযায়ী সোমবার (১৯ মে) পর্যন্ত বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৩১৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এরমধ্যে আটজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ মে) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিসের পরিচালক (যুগ্ম সচিব) মো: লোকমান হোসেন স্বাক্ষরিত হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১২৭টি ফ্লাইটে ৫০ হাজার ৩১৭ যাত্রী সৌদি পৌঁছেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬৪টি ফ্লাইটে গেছেন ২৫ হাজার ১১১ জন। এছাড়া সৌদি এয়ারলাইনসের ৪৩টি ফ্লাইটে ১৬ হাজার ৯৪১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২০টি ফ্লাইটে গেছেন আট হাজার ২৬৫ জন।

হজ বুলেটিনে আরো বলা হয়, এখন পর্যন্ত সৌদি যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন চার হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৫ হাজার ৩২১ জন। চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সাতজন পুরুষ ও একজন নারী।

গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। এর মধ্য দিয়েই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ৩১ মে।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি যাবেন। এর মধ্যে পাঁচ হাজার ২০০ জন সরকারি মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজের আনুষ্ঠানিকতা শেষে ১০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে, শেষ হবে ১০ জুলাই। বাসস

Topics