প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় দেশব্যাপী নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন রোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।
প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন, কিন্তু কিছু কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, সেটার ওপরে আমাদের কারো কোনো কথা নেই। তিনি যে তারিখ বলেছেন, সেই তারিখে নির্বাচন হবে। যেই মাসে বলেছেন, ওই মাসেই নির্বাচন হবে। কে কী বলল, সেটা শোনার আমাদের দরকার নেই।’
তিনি বলেন, জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, কেউ এটাকে বাধা দিতে পারবে না। রাষ্ট্রের ক্ষমতা জনগণের হাতে। জনগণ যে সময়ে নির্বাচনের দিকে চলে যাবে, কারো কোনো শক্তি নেই নির্বাচন বন্ধ করার।
সবজির দাম কিছুটা বাড়লেও বাজার স্বাভাবিক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রচুর বৃষ্টিপাতের কারণে শাক-সবজির দাম বৃদ্ধি পেয়েছে। প্রচুর আলু মজুত রয়েছে। পাইকারি থেকে খুচরা বাজারে আসতে আসতেই অনেক দাম বেড়ে যাচ্ছে। কিন্তু কৃকৃষকরা দাম পাচ্ছে না। মধ্যস্বত্বভোগীরা লাভ করছে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যতবড় চাঁদাবাজ-ই হোক না কেন, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। কাউকে ছাড় দেয়া হবে না। কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেয়া হবে না। চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে হবে না।’
পলিথিন ব্যবহার নিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এই পলিথিনের ব্যবহারের কারণে আমাদের মাটি নষ্ট হয়ে যাচ্ছে। পলিথিন কোনো অবস্থায় নষ্ট হয় না। অনেক সময় পলিথিনের জন্য পানি আটকে যায়। এর কোনো উপকারিতা নেই, অপকারিতাই বেশি। একসময় আমাদের কিন্তু পাটের একটা বিরাট চাহিদা ছিল। এখন কৃষকরা কিন্তু পাটের দাম পায় না। এখন আপনারা যদি পলিথিন ব্যবহার বন্ধ করে, পাটের ব্যাগ ব্যবহার শুরু করেন তবে আমাদের কৃষকরা লাভবান হবে।



