সংসদ অধিবেশন উপলক্ষে যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ

বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশী কুটনীতিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ জাতীয় সংসদ ভবনে গমনাগমন করবেন

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে ডাইভারশনের মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত বিকল্প সড়ক ব্যবহার করতে নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে।

বুধবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ১২ মার্চ বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশী কুটনীতিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ জাতীয় সংসদ ভবনে গমনাগমন করবেন।

এই অধিবেশন চলাকালীন উড়োজাহাজ মোড়, খেজুর বাগান, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট ও জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন) ক্রসিং দিয়ে স্বাভাবিকের চেয়ে বেশি সংখ্যক যানবাহন চলাচল করবে। এর ফলে সৃষ্ট সাময়িক অসুবিধা নিরসনকল্পে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ আগামীকাল ১২ মার্চ ডাইভারশনের মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ করবে।

ডাইভারশন পয়েন্ট ও বিকল্প সড়কগুলো হচ্ছে:

১. ইন্দিরা রোড টু বেগম রোকেয়া সরণি- ইন্দিরা রোড হতে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণি অভিমুখী যানবাহন ডানে মোড় না নিয়ে, সোজা মানিক মিয়া এভিনিউ হয়ে মিরপুর রোড দিয়ে গন্তব্যে পৌঁছাবে।

২. মানিক মিয়া অ্যাভিনিউ টু বেগম রোকেয়া সরণি- মানিক মিয়া অ্যাভিনিউ হতে খেজুর বাগান হয়ে বেগম রোকেয়া সরণিগামী যানবাহন বামে মোড় না নিয়ে, ফার্মগেট হয়ে গন্তব্যে পৌঁছাবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উড়োজাহাজ মোড় হতে খেজুর বাগান পর্যন্ত সড়কের উভয় পার্শ্বে দক্ষিণ দিকে একমুখী যানবাহন চলাচল করবে।

সকল প্রকার যানবাহন চালকদের আগামীকাল ১২ মার্চ সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত যানজট এড়ানোর লক্ষ্যে উল্লিখিত নির্দেশনা অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা চেয়েছে।