ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকাসহ সারাদেশে আগামী বুধবার ও বৃহস্পতিবার (১১ ও ১২ ফেব্রুয়ারি) সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল দুই দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সমিতির সভাপতি মো: নাজমুল হাসান মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত হয়।
আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিষয়টি প্রকাশ্যে আসে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটাধিকার প্রয়োগে নাগরিকদের সর্বোচ্চ সুযোগ নিশ্চিত করতে এবং সরকারের সিদ্ধান্তের আলোকে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে নির্বাচন উপলক্ষে সরকার ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি কারখানার শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারিও ছুটি নির্ধারণ করা হয়েছে। নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি এমনিতেই সাধারণ ছুটি থাকছে। এর পরের দুই দিন সরকারি চাকরিজীবীদের নিয়মিত সাপ্তাহিক ছুটি।



