রাজনৈতিক প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে কেউ যাতে কারাগারে আটক না থাকে বর্তমান সরকার অবশ্যই সেটি নিশ্চিত করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
তিনি বলেন, ‘আমাদের সরকারের স্ট্যান্ড হচ্ছে যে, আমরা মানবাধিকার রক্ষায় আমরা সচেষ্ট আছি। আমরা দায়বদ্ধ জনগণের কাছে। বিরোধী দল হোক বা যেই দলই হোক, অন্যায়ভাবে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ যাতে অন্যায়ভাবে জেলে না থাকে, আটক না থাকে সেটা অবশ্যই বর্তমান সরকার নিশ্চিত করবে।’
মঙ্গলবার (২৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশে অনির্দিষ্টকাল ধরে রাজনৈতিক প্রতিপক্ষের ব্যক্তিরা বিনা বিচারে কারাগারে আটক রয়েছে হিউম্যান রাইটস এমন উদ্বেগ প্রকাশ করে সোমবার বিবৃতি দিয়েছিল।
সেই বিষয়টি উল্লেখ করে মানবাধিকার নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘গত ১৭ বছরে যে ধরনের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বাংলাদেশে, দেশের ইতিহাসে এ ধরনের মানবতা কখনো লঙ্ঘিত হয়নি।’
তিনি বলেন, ‘সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার নেতাকর্মীরা। সুতরাং আমরা কখনোই চাইব না যে, বর্তমানে বা ভবিষ্যতে গত ফ্যাসিস্ট আমলটা ফেরত আসুক। আমরা চাই প্রত্যেকটি মানুষের মিনিমাম মানবাধিকার যেন নিশ্চিত হয়।’
জুলাই গণঅভ্যুত্থানের পরে হওয়া মামলাগুলো রিভিউ করার কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পরে অনেক মামলা হয়েছে, যেসব মামলাগুলো লিগ্যাল যেগুলো হওয়া উচিত ছিল, খুনিদের নামে মামলা হয়েছে, যারা গুম খুনের অর্ডার দিয়েছে তাদের নামে মামলা হয়েছে।’
তিনি বলেন, ‘আবার অনেকে অতি উৎসাহী হয়েও কিছু মামলা করেছে। সেই মামলাগুলোও কিন্তু আইন মন্ত্রণালয় বলেছে যে, তারা রিভিউ করবে। মামলাগুলো রিভিউ করে তারা যদি সত্যতা না পায়, কোন বেসিস না থাকে সেই মামলাগুলো রিভিউ করে তারা ব্যবস্থা নেবে এটা কিন্তু আইন মন্ত্রণালয় থেকে পরিষ্কার করে বলেছে।’ বিবিসি বাংলা



