পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আজ রোববার (৮ মার্চ) ষষ্ঠ দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজকের বরাদ্দ অনুযায়ী যাত্রীরা আগামী ১৮ মার্চের আন্তঃনগর ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন।
প্রতিবছরের রমতো এবারো আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
সকাল ৮টা থেকে অনলাইনে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে।
সম্প্রতি রাজধানীর রেল ভবনে বাংলাদেশ রেলওয়ে-এর ঈদযাত্রা উপলক্ষে বিশেষ প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ মার্চের টিকিট বিক্রি হয়েছে ৩ মার্চ, ১৪ মার্চের টিকিট ৪ মার্চ, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ এবং ১৭ মার্চের টিকিট ৭ মার্চ বিক্রি করা হয়েছে। এছাড়া ১৯ মার্চের টিকিট বিক্রি হবে ৯ মার্চ।
এছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী একবারেই কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। তবে কোনো টিকিট রিফান্ড করা হবে না।


