বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় পরিবেশ প্রতিমন্ত্রীর শোক

‘প্রধানমন্ত্রী তারেক রহমান এ মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতদের খোঁজখবর নিয়েছেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।’

নয়া দিগন্ত অনলাইন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম |সংগৃহীত

খুলনা-মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

বৃহস্পতিবার (১২ মার্চ) মোংলা-খুলনা মহাসড়কে একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। একটি বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসটি দুর্ঘটনার শিকার হয়। গুরুতর আহত অবস্থায় আরো দু’জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও তার পরিবারের ১০ সদস্য রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

ঘটনার পরপরই বাগেরহাটের জেলা প্রশাসক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধার কাজে সহায়তা করেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এ মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতদের খোঁজখবর নিয়েছেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এ দুঃখজনক ঘটনায় নিহতদের রুহের শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন। বাসস