পানিসম্পদ মন্ত্রী মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নদী ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা বাড়ানো দরকার।
তিনি বলেন, দেশে ছোট বড় প্রায় এক হাজার ৪১৫টি নদ-নদী রয়েছে। এ সকল নদ-নদী এক একটি জীবন্ত সত্তা।
জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া অডিটরিয়ামে ‘নোঙর ট্রাস্ট’ নামে একটি সংগঠনের উদ্যোগে ‘জাতীয় নদী দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রী আজ এসব কথা বলেন।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম হাতে নিচ্ছেন। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল, নদী ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে।
খাল খননের সাথে খাল ও নদীর অবৈধ দখল ও দূষণ প্রতিরোধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
মন্ত্রী আরো বলেন, ইতোমধ্যে পদ্মা ব্যারাজ প্রকল্প পাস হয়েছে। পদ্মা ব্যারাজ নির্মাণের ফলে দেশের দক্ষিণ পশ্চিম এবং উত্তর পশ্চিমাঞ্চলের ২৪টি জেলার জীবন-জীবিকা, কৃষি, মৎস্য ও পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং নদীতে নাব্যতা ফিরে আসবে।
তিস্তা মহাপরিকল্পনার বিশেষজ্ঞ মতামত ও সমীক্ষা শেষ হলে সহসাই প্রকল্প অনুমোদনের আশ্বাস দেন মন্ত্রী।
নোঙর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান খোকন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া। বাসস



