ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা ২৫ মিনিটে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট দেন তিনি।
ভোট দেয়ার পর সেনাপ্রধান নির্ভয়ে ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন।
ওয়াকার-উজ-জামান বলেন, আমি মনে করি যে আজকে আমাদের জাতির জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, আনন্দের দিন। আমরা গত দেড় বছর ধরে এ দিনটির অপেক্ষায় ছিলাম। একটা সুষ্ঠু নির্বাচন। আজকে আলহামদুলিল্লাহ, সে নির্বাচন হতে যাচ্ছে।
সেনাপ্রধান বলেন, সকাল থেকেই সারাদেশে অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং ভোটের একটা অনুকূল পরিবেশ বিরাজ করছে। আমি সকালেই খবর নিয়েছি সারা বাংলাদেশে কোথায় কী হচ্ছে। খবর পেয়েছি যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। আমি সবাইকে অনুরোধ করব, সম্মানিত ভোটারদের অনুরোধ করব, আপনারা নির্ভয়ে আপনাদের বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং আপনাদের ভোট দেবেন, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যারা ভোট দিতে পারছেন না, মিডিয়ার লোকজন আপনারা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন। সারাদেশের পরিস্থিতি জনগণকে জানাচ্ছে। জনগণ আশ্বস্ত হচ্ছে এবং তারা এই ভোট দিতে যাওয়ার জন্য উৎসাহী হচ্ছে।
সবশেষে সবার মঙ্গল কামনা করে তিনি বলেন, ইনশা আল্লাহ, আমরা একটা সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সম্ভব হব।



