নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিয়েছে সরকার : পাট প্রতিমন্ত্রী

‘দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উৎপাদন, আমদানি, মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে নিয়মিত পর্যালোচনা সভাও অনুষ্ঠিত হচ্ছে।’

নয়া দিগন্ত অনলাইন
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম |সংগৃহীত

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদে গাজীপুর-৫ আসনের সরকারি দলের সদস্য এ কে এম ফজলুল হক মিলনের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, ভোজ্যতেল, চিনি, ডাল, পেঁয়াজ, আটা ও চালসহ গুরুত্বপূর্ণ পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী আমদানি সহজীকরণ, শুল্ক ও করহার যৌক্তিকীকরণ এবং বিকল্প উৎস থেকে আমদানির উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উৎপাদন, আমদানি, মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে নিয়মিত পর্যালোচনা সভাও অনুষ্ঠিত হচ্ছে।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জানান, বাজারে কৃত্রিম সঙ্কট, মজুতদারি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও অসাধু ব্যবসায়িক কার্যক্রম প্রতিরোধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মাধ্যমে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নেয়া হচ্ছে আইনানুগ ব্যবস্থা।

তিনি আরো বলেন, নিম্ন ও নিম্ন-মধ্য আয়ের মানুষের জন্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, বাজারে প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় রাখা এবং সরবরাহ ব্যবস্থা কার্যকর রাখতে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। পাশাপাশি বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী দ্রুত নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, যাতে মূল্যবৃদ্ধির নেতিবাচক প্রভাব থেকে সাধারণ ভোক্তাদের সুরক্ষা দেয়া যায়। বাসস