বিএনপিকে জার্মানির অভিনন্দন, ঘনিষ্ঠ সম্পর্ক জোরদারের অঙ্গীকার

‘নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক সম্পৃক্ততার যে অর্থবহ প্রকাশ ঘটেছে, তার জন্য আমরা বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই এবং নবনির্বাচিত সকল সংসদ সদস্যকে অভিনন্দন জানাই।’

নয়া দিগন্ত অনলাইন
বিএনপিকে জার্মানির অভিনন্দন
বিএনপিকে জার্মানির অভিনন্দন |সংগৃহীত

নির্বাচনে বিজয়ের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আজ অভিনন্দন জানিয়েছে জার্মানি। একইসাথে তারা বাংলাদেশের ভোটারদের অর্থবহ গণতান্ত্রিক অংশগ্রহণের প্রশংসা করে নতুন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রস্তুতির কথা জানিয়েছে।

ঢাকাস্থ জার্মান দূতাবাস থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানাই।’

নির্বাচনী প্রক্রিয়ায় বাংলাদেশের জনগণের সক্রিয় অংশগ্রহণেরও প্রশংসা করেছে জার্মান সরকার।

বিবৃতিতে আরো বলা হয়, ‘নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক সম্পৃক্ততার যে অর্থবহ প্রকাশ ঘটেছে, তার জন্য আমরা বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই এবং নবনির্বাচিত সকল সংসদ সদস্যকে অভিনন্দন জানাই।’

নবনির্বাচিত নেতৃত্বের অধীনে বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে জার্মানি।

বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো সুদৃঢ় করতে এবং গণতান্ত্রিক সংস্কার ও উন্নয়নের পথে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখতে নতুন সরকার ও জাতীয় সংসদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছে জার্মানি। বাসস