ফিরেছেন ৬,১৭৫ বাংলাদেশী হাজী

নির্ধারিত তিনটি বিমান সংস্থা হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম পরিচালনা করছে।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশী হাজীরা হজ শেষে দেশে ফিরে আসছেন
বাংলাদেশী হাজীরা হজ শেষে দেশে ফিরে আসছেন |বাসস

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে মোট ৬ হাজার ১৭৫ জন বাংলাদেশী হাজী দেশে ফিরেছেন।

আজ রোববার পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বছর হজের আনুষ্ঠানিকতা শেষ হয় গত ২৬ জুন।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, নির্ধারিত তিনটি বিমান সংস্থা হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের তিনটি, সাউদিয়া এয়ারলাইন্সের চারটি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের আটটি ফ্লাইটে করে হাজীরা দেশে ফেরেন।

হজ অফিস জানায়, ফেরত আসা হাজীদের মধ্যে ৪১৬ জন সরকারি এবং ৫ হাজার ৭৫৯ জন বেসরকারি ট্রাভেল অ্যাজেন্সির ব্যবস্থাপনায় দেশে এসে পৌঁছেছেন।

হজ চলাকালে সৌদি আরবে এ পর্যন্ত ৩৭ জন বাংলাদেশী হজযাত্রী ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ১৩ জন নারী রয়েছেন। এর মধ্যে ২৭ জন মক্কায় এবং ১০ জন মদিনায় মারা গেছেন।

এ বছরের ১৮ এপ্রিল প্রথম ফ্লাইটের মাধ্যমে হজ কার্যক্রম শুরু হয় এবং শেষ হয় ২১ মে।

ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে শনিবার (৩০ মে) থেকে। এটি চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

সূত্র : বাসস