শেরপুরের সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনা হবে : অন্তর্বর্তী সরকার

শেরপুরে জামায়াত নেতার নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার এবং জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

শেরপুরে সংঘটিত সহিংসতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রীবরদী উপজেলা সেক্রেটারি রেজাউল করিম নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে অন্তর্বর্তী সরকার। একই সাথে এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেইজে দেয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

জামায়াত নেতার মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ অন্তর্বর্তী সরকার জানায়, সহিংসতার ফলে প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক। জাতীয় নির্বাচন আর মাত্র দুই সপ্তাহ দূরে থাকাকালে সরকার বিএনপি ও জামায়াতে ইসলামসহ সকল রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শন এবং তাদের সমর্থকদের মধ্যে সংযম নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণহানির কোনো স্থান নেই।

বিবৃতি আরো বলা হয়, শেরপুরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। একই সাথে জেলার সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

অন্তর্বর্তী সরকার জানায়, সব রাজনৈতিক দল, নেতা এবং নির্বাচনী প্রচারণায় যুক্ত সকলের প্রতি শান্তি বজায় রাখা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং শান্তিপূর্ণ ও গঠনমূলক উপায়ে ভোটারদের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে। শান্ত পরিবেশ, শৃঙ্খলা ও গণতান্ত্রিক আচরণের ওপরই জাতির ভবিষ্যৎ নির্ভরশীল।

অন্তর্বর্তী সরকার একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিবৃতি উল্লেখ করা হয়।