শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশে ঘটনাস্থলে উপস্থিত হন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: নুরুল হক।

নয়া দিগন্ত অনলাইন
উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী
উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী |বাসস

বকেয়া বেতনের দাবিতে আজ রোববার রাজধানীর মহাখালী-নাবিস্কোর মধ্যবর্তী তেজগাঁও লিঙ্ক রোড এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন নাসা মেইনল্যান্ডের প্রায় ৭০০-৮০০ পোশাক শ্রমিক।

উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শ্রমিকদের দাবি পূরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশে ঘটনাস্থলে উপস্থিত হন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: নুরুল হক।

ঘটনাস্থলে পৌঁছে তারা মালিক পক্ষ ও শ্রমিক পক্ষের সাথে দীর্ঘ আলোচনা করেন।

সভা শেষে শ্রমিকদের উদ্দেশে আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর নির্দেশে আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমরা আগামীকাল সকাল ১১টায় শ্রমিক প্রতিনিধি, নাসা মেইনল্যান্ডের মালিকপক্ষ ও বিজিএমইএ সভাপতিসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি বিশেষ সভা আহ্বান করেছি।’

মন্ত্রী আরো উল্লেখ করেন যে, বিষয়টি নিয়ে কিছু আইনি জটিলতা ও মামলা-মোকদ্দমা রয়েছে। তাই এমন একটি সমাধান বের করা হবে যাতে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত না হন এবং মালিকপক্ষও তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারে।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো: নুরুল হক শ্রমিকদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘এবারের ঈদুল ফিতরে সরকার ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর সমন্বিত প্রচেষ্টায় অন্যান্য সময়ের মতো রাস্তা অবরোধের মতো পরিস্থিতি তৈরি হয়নি।’

এ সময় তিনি আরো বলেন, ‘আপনারা জনদুর্ভোগ লাঘবে রাস্তা ছেড়ে দিন। আমরা আপনাদের সহযোগিতা করতে চাই এবং আপনাদের পক্ষ থেকেও সহযোগিতা কামনা করছি।’

আলোচনাকালে নাসা মেইনল্যান্ড কর্তৃপক্ষ জানায়, বর্তমানে তাদের ব্যাংক হিসাব ও স্থাবর সম্পদ জব্দ থাকায় কারখানা পরিচালনা করা দুরূহ হয়ে পড়েছে। তবে তারা মার্চ মাসের বেতন পরিশোধে সক্ষম।

অন্যদিকে, শ্রমিকদের পাওনা ‘আর্নড লিভ’র টাকা পরিশোধের ক্ষেত্রে সরকারের বিশেষ সহযোগিতা কামনা করেছে প্রতিষ্ঠানটি।

শ্রমমন্ত্রীর সুনির্দিষ্ট আশ্বাস ও আগামীকালের সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা আন্দোলন স্থগিত করে রাস্তা ছেড়ে দেন।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস