৯৯৯-এ কল

মহাখালী থেকে চুরি বাস মিরপুর বেড়িবাঁধে উদ্ধার

কলার জানান, বাসে সংযুক্ত জিপিএস ট্র্যাকার থেকে তারা দেখতে পাচ্ছিলেন, বাসটি মিরপুর বেড়িবাঁধে চলমান রয়েছে। ৯৯৯ তাৎক্ষণিকভাবে বাসটি উদ্ধারে ডিএমপি কন্ট্রোলরুম, তুরাগ থানা ও রূপনগর থানায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বিষয়টি জানায়।

নিজস্ব প্রতিবেদক
গ্রেফতার মো: রাসেল (২১) ও লালচান (৩০)
গ্রেফতার মো: রাসেল (২১) ও লালচান (৩০) |সংগৃহীত

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে চুরি হওয়া এনা পরিবহণের একটি বাস মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাসটি থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, ভোর ৪টায় ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনাল থেকে মাহফুজ নামে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, টার্মিনালে পার্কিং করা ৪০ সিটের এনা পরিবহণের একটি বাস চুরি হয়েছে।

কলার জানান, বাসে সংযুক্ত জিপিএস ট্র্যাকার থেকে তারা দেখতে পাচ্ছিলেন, বাসটি মিরপুর বেড়িবাঁধে চলমান রয়েছে। ৯৯৯ তাৎক্ষণিকভাবে বাসটি উদ্ধারে ডিএমপি কন্ট্রোলরুম, তুরাগ থানা ও রূপনগর থানায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বিষয়টি জানায়।

৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেন কলটেকার কনস্টেবল সাখাওয়াত হোসেন। বিষয়টি নিয়ে কলার ও সংশ্লিষ্ট থানার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই আমিনুল ইসলাম।

৯৯৯ থেকে সংবাদ পাওয়ার পর রূপনগর থানার একটি দল মিরপুর বেড়িবাঁধের পঞ্চবটি মোড় থেকে ৫০০ গজ উত্তরে ধাওয়া করে এনা পরিবহণের বাসটি আটক করে। এ সময় চুরির অভিযোগে বাস থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন নরসিংদীর রায়পুর থানার হিঙ্গাতলী এলাকার বাসিন্দা মো: রবিউল্লাহর ছেলে মো: রাসেল (২১)। বর্তমানে তিনি ঢাকার মহাখালী বাস টার্মিনাল এলাকায় বসবাস করেন।

অন্য গ্রেফতার ব্যক্তি হলেন শেরপুরের ঝিনাইগাতী থানার পাইকড়া এলাকার বাসিন্দা নাসিমা বেগমের ছেলে লালচান (৩০)। বর্তমানে তিনি তেজগাঁও শিল্পাঞ্চল থানার তিব্বত এলাকার আলকাতরা ফ্যাক্টরি এলাকায় বসবাস করেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।