নবনির্বাচিত রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর লাল গোলাপ শুভেচ্ছা

‘২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় বিরোধী জোটের প্রার্থী কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।’

নয়া দিগন্ত অনলাইন
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুলেল শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুলেল শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান |সংগৃহীত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রিটার্নিং কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা করেন।

ঘোষিত ফল অনুসারে, ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় বিরোধী জোটের প্রার্থী কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

সিইসির ঘোষণার পর টেবিল চাপড়ে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান সংসদ সদস্যরা। নবনির্বাচিত রাষ্ট্রপতিও হাত তুলে সংসদ সদস্যদের অভিবাদনের জবাব দেন।

নবনির্বাচিত রাষ্ট্রপতিও হাত তুলে সংসদ সদস্যদের অভিবাদনের জবাব দেন। এর পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ আসন থেকে উঠে মির্জা ফখরুলের সাথে করমর্দন করেন। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা।

এরপর বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান, উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ বিরোধী দলের অন্যান্য সংসদ সদস্যরা ট্রেজারি বেঞ্চের দিকে এগিয়ে আসেন।

বিরোধী দলের সংসদ সদস্যরা ট্রেজারি বেঞ্চের কাছে এলে মির্জা ফখরুল নিজের আসন থেকে উঠে গিয়ে প্রথমে শফিকুর রহমানকে আলিঙ্গন করেন।

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের আসন থেকে এগিয়ে এসে ফখরুলকে আলিঙ্গন করেন। পরে তারেক রহমান ও শফিকুর রহমানও পরস্পরকে আলিঙ্গন করেন।

এরপর ক্ষমতাসীন ও বিরোধী দলের সংসদ সদস্যরা নবনির্বাচিত রাষ্ট্রপতির সাথে কুশল বিনিময় করেন।

ফল ঘোষণার পর জাতীয় সংসদের অধিবেশন কক্ষে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পরে রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব পালনকারী সিইসি নাসির উদ্দিনের সাথে করমর্দন করেন ফখরুল। এ সময় তিনি অন্য নির্বাচন কর্মকর্তাদের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন। ইউএনবি