রাজধানীর ডেমরার একটি স্টিল মিলে লোহা গলানোর সময় বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।
রোববার (৩১ মে) সকাল সাড়ে ৭টার দিকে ডেমরার বাঁশের পুল এলাকার জহির স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেয়া হয়।
দগ্ধরা হলেন সাব্বির হোসেন (২৪), তোফাজ্জল হোসেন (৪৮) ও মাজেদ হোসেন (৫২)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, সাব্বিরের শরীরে ৩৫ শতাংশ, তোফাজ্জলের ২৩ শতাংশ এবং মাজেদের ১ শতাংশ দগ্ধ হয়েছে। সাব্বির ও তোফাজ্জলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। মাজেদের চিকিৎসা জরুরি বিভাগে চলছে।
দগ্ধদের সহকর্মী আলামিন জানান, আমরা ডেমরা এলাকার একটি স্টিল মিলের কর্মচারী। আজ সকালে বিভিন্ন বাঙারী লোহা গলানোর জন্য ভাট্টিতে মাল দেয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমাদের তিনজন শ্রমিক দগ্ধ হলে দ্রুত তাদেরকে জাতীয় বান ইনিস্টিটিউটে নিয়ে আসা হয়।



