জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়ার উপর বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে প্রাপ্ত মতামতগুলো বিশ্লেষন করছে জাতীয় ঐকমত্য কমিশন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) জাতীয় সংসদে কমিশন কার্যালয়ের সভাকক্ষে দ্বিতীয় দিনের বৈঠক অনুষ্ঠিত হয়।
গত বুধবার শুরু হওয়া অসমাপ্ত আলোচনা গতকালও অব্যাহত থাকে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পাওয়া মতামত বিশ্লেষণের পাশাপাশি সনদে অন্তর্ভুক্ত সিদ্ধান্তসমূহের ভাষাগত যথার্থতা পুনর্মূল্যায়ন করা হয়। এছাড়া সনদ বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাদা আলাদা গ্রুপে অনানুষ্ঠানিক আলোচনার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন কমিশনের সদস্যরা।
কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো: এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও ড. মো: আইয়ুব মিয়া এবং ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
গত ১৬ আগস্ট ঐকমত্য কমিশনের পক্ষ থেকে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ -এর পূর্ণাঙ্গ সমন্বিত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে মতামতের জন্য পাঠানো হয়। এতে মোট ২৯টি রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে।



