প্রবাস থেকে দেশে ফিরেছে ৫৫ হাজার ৩৪১টি ভোটসহ পোস্টাল ব্যালট।
আজ বৃহস্পতিবার তেজগাও ডাক বিভাগের মেইলিং সেন্টারে পোস্টাল ব্যালট এসে পৌঁছেছে।
প্রবাসী বাংলাদেশীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালটে ভোট দিয়ে গতকাল সকাল পর্যন্ত তিন লাখ ৯৪ হাজার ১৭৪টি সংশ্লিষ্ট পোস্ট বক্সে জমা দিয়েছেন বলে জানিয়েছেন ওসিভি এবং আইসিপিভি প্রকল্প পরিচালক ড. সালীম আহমাদ খান।
তিনি আরো জানান, গতকাল দুপুর পর্যন্ত ভোট দিয়েছেন চার লাখ ৪৬ হাজার ৯৩৩ জন প্রবাসী ভোটার। অন্যদিকে, বৃহস্পতিবার পর্যন্ত দেশের অভ্যন্তরে ৫২ জেলায় দুই লাখ ৪৪ হাজার ৬২৫টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে বলে ইসি থেকে জানানো হয়েছে।
ইসির দেয়া তথ্যানুযায়ী, সর্বোচ্চ ভোট দিয়েছে সৌদি আরবের প্রবাসীরা, এক লাখ ৪২ হাজার ৩৫৮ জন। এছাড়া ভোট প্রদান করেছেন মালয়েশিয়ার ৪১ হাজার ৬৯৯টি, কাতারে ৪৩ হাজার ৬৭০টি, ওমানে ৩৯ হাজার ৫৪টি, সংযুক্ত আরব আমিরাতে ২১ হাজার ২১০টি। এছাড়া কুয়েতে ২৩ হাজার ৬৮০টি, যুক্তরাজ্য ১৭ হাজার ৫৬২টি, যুক্তরাষ্ট্রে ১৩ হাজার ৯২১টি, ইতালিতে ১১ হাজার ৯১৯টি, বাহরাইনে ১৪ হাজার ৯৩০টি, সিঙ্গাপুরে ১০ হাজার ৩৪৭টি, কানাডায় আট হাজার ৩৭২টি, দ. কোরিয়াতে সাত হাজার ৭৩৫টি, অস্ট্রেলিয়াতে পাঁচ হাজার ৬৭৪টি, মালদ্বীপে পাঁচ হাজার ৮১০টি, জাপানে চার হাজার ৫৬০টি, ফ্রান্সে চার হাজার ৫৫০টি, পর্তুগালে পাঁচ হাজার ৫০টি, জার্মানিতে চার হাজার ১৬ জন গতকাল দুপুর পর্যন্ত ভোট প্রদান করেছেন।
ড. সালীম আহমাদ খান জানান, পোস্টল ব্যালট সংশ্লিষ্ট দেশে পৌঁছেছে সাত লাখ ৬৬ হাজার ৮৬২টি। প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন পাঁচ লাখ নয় হাজার ৬০১টি। আর চার লাখ ৪৫ হাজার ৫৮৮ জন প্রবাসী ভোটার ভোট দিয়েছেন।



