দক্ষ নির্মাতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিসিটিআই : তথ্য উপদেষ্টা

‘মানসম্মত, সৃজনশীল ও দায়িত্বশীল কনটেন্ট নির্মাণে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। অর্জিত জ্ঞান ও দক্ষতার মাধ্যমে প্রশিক্ষণার্থীরা দেশের ইতিবাচক ভাবমূর্তি দেশ-বিদেশে আরো উজ্জ্বল করবেন।’

নয়া দিগন্ত অনলাইন
প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা: জাহেদ উর রহমান
প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা: জাহেদ উর রহমান |সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) দক্ষ চলচ্চিত্র ও কনটেন্ট নির্মাতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা: জাহেদ উর রহমান।

শনিবার (২৭ জুন) রাজধানীর বিসিটিআই প্রাঙ্গণে আয়োজিত ‘ষষ্ঠ প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্স’ এবং ‘প্রথম টেলিভিশন অনুষ্ঠান ও বিভিন্ন প্ল্যাটফর্মে কনটেন্ট নির্মাণ কোর্স’-এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা: জাহেদ উর রহমান প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দিয়ে বলেন, এখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তিনি দেশের চলচ্চিত্র ও গণমাধ্যম শিল্পে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিসিটিআই-এর কার্যক্রমের প্রশংসা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান বলেন, মানসম্মত, সৃজনশীল ও দায়িত্বশীল কনটেন্ট নির্মাণে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। অর্জিত জ্ঞান ও দক্ষতার মাধ্যমে প্রশিক্ষণার্থীরা দেশের ইতিবাচক ভাবমূর্তি দেশ-বিদেশে আরো উজ্জ্বল করবেন।

অনুষ্ঠানে বিসিটিআই-এর প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন বলেন, দক্ষিণ কোরিয়ার বুসান ফিল্ম ইনস্টিটিউট এবং ভারতের পুনে ফিল্ম ইনস্টিটিউটের আদলে বিসিটিআই-কে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে উন্নীত করার লক্ষ্যে কাজ চলছে।

তিনি জানান, প্রতিষ্ঠানের জন্য একটি স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। এটি বাস্তবায়িত হলে বিসিটিআই আরো আধুনিক ও কার্যকর প্রশিক্ষণকেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রহমান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, চলচ্চিত্র সম্পাদক সৈয়দ ফজলে হক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) কামাল আকবর, এনআইএমসি-এর মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এবং প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ। কোর্সের মেন্টর হিসেবে বক্তব্য রাখেন হুমায়ুন কবির হিমু ও লাবিব নাজমুছ ছাকিব।

অনুষ্ঠানে ষষ্ঠ প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্সের প্রশিক্ষণার্থীদের নির্মিত ‘মিনতি’ ও ‘মাটির সুর’ শীর্ষক দু’টি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এ সময় প্রশিক্ষণার্থীরা তাদের সৃজনশীল যাত্রার অভিজ্ঞতা তুলে ধরেন।

সমাপনী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. শাহ নিস্তার জাহান কবীর। অনুষ্ঠান শেষে বিসিটিআই-এর বিভিন্ন কার্যক্রম ও অর্জনের ওপর একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। বাসস