গৃহকর্মীকে নির্যাতন

স্ত্রীসহ বিমানের এমডি গ্রেফতার

গত সাত থেকে আট মাস ধরে ১১ বছর বয়সী ওই গৃহকর্মী তাদের বাড়িতে কর্মরত ছিলেন। এ সময় শিশুটির ওপর অনেক নির্যাতন চালানো হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
স্ত্রীসহ বিমানের এমডিকে কারাগারে প্রেরণ
স্ত্রীসহ বিমানের এমডিকে কারাগারে প্রেরণ |সংগৃহীত

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো: সাফিকুর রহমান, তার স্ত্রীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে ঢাকার উত্তরার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গৃহকর্মী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

গত সাত থেকে আট মাস ধরে ১১ বছর বয়সী ওই গৃহকর্মী তাদের বাড়িতে কর্মরত ছিলেন। এ সময় শিশুটির ওপর অনেক নির্যাতন চালানো হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

শিশুটি এখন গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি বলে জানান তিনি। শিশুটির সারা শরীরে নির্যাতনের ক্ষতচিহ্ন দেখা গিয়েছে বলেও উল্লেখ করেছে পুলিশ।

পরে রোববার মো: সাফিকুর রহমান, তার স্ত্রী এবং বাড়ির আরো দু’ গৃহকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন শিশুটির বাবা।

সেই মামলার ভিত্তিতে তাদেরকে গ্রেফতার দেখানো হয়। সর্বশেষ সোমবার বিকেলে চার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিবিসি