উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী

সভায় বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন, অগ্রগতি, কাজের গুণগত মান, ব্যয় ব্যবস্থাপনা এবং নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্প শেষ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

নয়া দিগন্ত অনলাইন
স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর |ফাইল ছবি

এলজিইডির প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও জবাবদিহিতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) ২০২৫-২৬ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন তিনি।

সভায় বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন, অগ্রগতি, কাজের গুণগত মান, ব্যয় ব্যবস্থাপনা এবং নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্প শেষ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় মন্ত্রী আরো বলেন, জনগণের কষ্টার্জিত অর্থের সঠিক ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে জনকল্যাণমুখী ও টেকসই প্রকল্প গ্রহণ করতে হবে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে যেন সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয়, সে বিষয়েও তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো: শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এলজিইডির অধীনে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা সশরীরে ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। বাসস