জাতীয় সংসদ ভবনে আজ মঙ্গলবার বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বৈঠকে কমিটির সদস্য হিসেবে সংসদ সদস্য মো: শহিদুল ইসলাম, মো: হাসান রাজীব প্রধান, জহরত আদিব চৌধুরী, মাহমুদা হাবীবা, মোহাম্মদ নাজিবুর রহমান, মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ ও মো: আবুল হাসনাত অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে কমিটির সদস্যদের পারস্পরিক পরিচিতি ও প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় ঢাকা ও বেইজিংয়ের দীর্ঘমেয়াদী বন্ধুত্বের কথা তুলে ধরে বৈশ্বিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীনের ভূমিকা ও কৌশলগত গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি চীন-বাংলাদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করা, সংসদীয় প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় সফর বিনিময় এবং বাণিজ্য ঘাটতি নিরসনে অধিকতর বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে সার্বিক আলোচনা করা হয়।
বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস



