জুমাতুল বিদা : বৃষ্টির মধ্যেই বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

নামাজ শেষে বিশেষ মোনাজাতে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি এবং দেশ ও মুসলিম জাতির শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মুসল্লিদের একাংশ
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মুসল্লিদের একাংশ |সংগৃহীত

পবিত্র রমজান মাসের শেষ জুমা তথা জুমাতুল বিদা উপলক্ষে বৃষ্টি উপেক্ষা করেই রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঢল নামে মুসল্লিদের। সিয়াম সাধনার মাস বিদায়ের পথে– তাই জুমার নামাজে আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনায় ব্যাকুল ছিলেন ইবাদতকারীরা।

শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টার অনেক আগে থেকেই বায়তুল মোকাররম মসজিদে মুসল্লিদের প্রবেশ শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের আনাগোনা। তাদের অনেকেই দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন জাতীয় মসজিদে রমজানের শেষ জুমার নামাজ আদায় করতে।

দুপুর সাড়ে ১২টার মধ্যেই মসজিদের ভেতরের মূল অংশ মুসল্লিতে পূর্ণ হয়ে যায়। আজানের পর মসজিদের নিচতলার অংশটিও ভরে ওঠে। তবে বৃষ্টির কারণে অন্যান্য বছরের তুলনায় এবার মুসল্লিদের উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা গেছে। বায়তুল মোকাররম মসজিদের খতিব মুফতি আবদুল মালেকের ইমামতিতে জুমার নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে বিশেষ মোনাজাতে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি এবং দেশ ও মুসলিম জাতির শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।