আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরমের কতিপয় বিষয়ে স্পষ্টীকরণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেখানে বলা হয়েছে, হলফনামার ক্রমিক ১০ এ আয়কর সংক্রান্ত তথ্য সর্বশেষ আয়কর রিটার্ন জমার বিবরণ অংশে প্রদত্ত ছকের ক্রমিক ২, ৩ ও ৪ এ উল্লিখিত যথাক্রমে স্বামী/স্ত্রী, সন্তান ও নির্ভরশীলদের আয়কর সংক্রান্ত তথ্য প্রদান ঐচ্ছিক মর্মে বিবেচিত হবে।
রোববার নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ ব্যাপারে একটি চিঠি সব রিটার্নিং কর্মকর্তাকে কাছে পাঠানো হয়েছে। বিএনপির একটি প্রতিনিধিদল ইসিতে এসে সিইসির সাথে বৈঠক করে বিষয়টি জটিলতা সৃষ্টি করছে বলে জানালে ইসি এই উদ্যোগ নিয়েছে।
ইসির চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরমের কতিপয় বিষয়ে নির্বাচন কমিশন নিম্নরূপভাবে স্পষ্টীকরণ করেছে। তা হলো, হলফনামার ক্রমিক ৬ ও ৭ এ বর্ণিত সম্পূর্ণভাবে নির্ভরশীলদের আয়ের উৎস এবং সম্পত্তি ও দায়ের বিবরণী সন্নিবেশ গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এর অনুচ্ছেদ ১২ এর (৩ক) (চ) এর সাথে সামঞ্জস্যপূর্ণ বিধায় তা সন্নিবেশের আবশ্যকতা রয়েছে।
উল্লিখিত হলফনামার ক্রমিক ১০ এ আয়কর সংক্রান্ত তথ্য সর্বশেষ আয়কর রিটার্ন জমার বিবরণ অংশে প্রদত্ত ছকের ক্রমিক ২, ৩ ও ৪ এ উল্লিখিত যথাক্রমে স্বামী/স্ত্রী, সন্তান ও নির্ভরশীলদের আয়কর সংক্রান্ত তথ্য প্রদান ঐচ্ছিক মর্মে বিবেচিত হবে। বর্ণিতাবস্থায়, উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।



