কোরবানির আগেই ডিএনসিসির ফুটপাত মেরামত করতে প্রশাসকের নির্দেশ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

নয়া দিগন্ত অনলাইন
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ |বাসস

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকার সড়কগুলোতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য এলাকার প্রধান সড়কগুলোর ফুটপাত মেরামতের জন্য নির্দেশ প্রদান করেছেন করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

সোমবার (১৯ মে) ঢাকা উত্তর সিটি করপোরেশনের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জনগুরুত্বপূর্ণ প্রগতি সরণি, মিরপুর রোড, সাতরাস্তা, এয়ারপোর্ট রোড, মানিক মিয়া এভিনিউ, রিং রোড, সাত মসজিদ রোড, মাহবুব মোর্শেদ সরণি, এ কে খন্দকার সড়ক, মহাখালী থেকে গুলশান-১ সড়ক জরুরি ভিত্তিতে মেরামতের জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশ প্রদান করেন ডিএনসিসি প্রশাসক।

প্রশাসকের নির্দেশনার প্রেক্ষাপটে ডিএনসিসি’র ১০টি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী প্রকৌশলী কর্তৃক জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট সড়কগুলোর মেরামত কার্যক্রম শুরু করা হয়েছে এবং আসন্ন ঈদের আগেই মেরামত কার্যক্রম সম্পন্ন করা হবে।

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত ফুটপাতগুলোর মেরামতের আগের ছবি ও মেরামতের পরের ছবি ব্যবহার করে প্রতিবেদন দাখিল করার জন্য কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন ডিএনসিসি প্রশাসক। বাসস