ঈদযাত্রায় ঘাটে দুর্ভোগ কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে : নৌ প্রতিমন্ত্রী

কোনো ঘাট এলাকায় অব্যবস্থাপনার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। পাশাপাশি তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নয়া দিগন্ত অনলাইন
পাটুরিয়া লঞ্চঘাট ও ফেরিঘাট পরিদর্শনকালে নৌ প্রতিমন্ত্রী মো: রাজিব আহসান
পাটুরিয়া লঞ্চঘাট ও ফেরিঘাট পরিদর্শনকালে নৌ প্রতিমন্ত্রী মো: রাজিব আহসান |ইউএনবি

নৌপরিবহন প্রতিমন্ত্রী মো: রাজিব আহসান বলেছেন, আসন্ন ঈদকে সামনে রেখে দেশের প্রতিটি ফেরি ও লঞ্চঘাটে যাত্রীদের দুর্ভোগ কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে। ঘাটগুলোতে কোনো ধরনের অসঙ্গতি বা অব্যবস্থাপনা রয়েছে কি না, তা পর্যবেক্ষণে নিয়মিত পরিদর্শন করা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে পাটুরিয়া ফেরি ও লঞ্চঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাজিব আহসান বলেন, কোনো ঘাট এলাকায় অব্যবস্থাপনার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। পাশাপাশি তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, যাত্রীদের নিরাপদ ঈদযাত্রা উপহার দিতে স্থানীয় প্রশাসনসহ সবার সহযোগিতা চাওয়া হয়েছে। এ সময় তিনি ঘরমুখো যাত্রীদের উদ্দেশে সরকারি নির্দেশনা মেনে নিরাপদে ঘাট পারাপারের আহ্বান জানান।

সূত্র : ইউএনবি