মোহাম্মদ এজাজের চুক্তির এক বছরের মেয়াদ শেষ হওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসক হিসেবে সুরাইয়া আখতার জাহানকে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, মোহাম্মদ এজাজের নির্ধারিত মেয়াদ পূর্ণ হওয়ায় তার স্থলে নতুন প্রশাসক হিসেবে সুরাইয়া আখতার জাহান দায়িত্ব গ্রহণ করবেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ-২০২৪-এর ধারা ২৫(ক)-এর উপধারা (১) অনুযায়ী মোহাম্মদ এজাজকে পরবর্তী এক বছরের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছিল।
নির্ধারিত সময় অনুযায়ী, এক বছরের মেয়াদ পূর্ণ হওয়ায় তার ওই নিয়োগের অবসান ঘটে এবং এর পরিপ্রেক্ষিতেই নতুন প্রশাসক হিসেবে সুরাইয়া আখতার জাহানকে দায়িত্ব দেয়া হলো। বাসস



