রাত সাড়ে ৮টা পর্যন্ত ১৩ হাজার টন বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি

ঈদের দিন রাত সাড়ে ৮টা পর্যন্ত মোট ১২ হাজার ৬৮৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। চলমান কার্যক্রমের ধারা অনুযায়ী আজ রাত ১২টার মধ্যেই অপসারণকৃত বর্জ্যের পরিমাণ ১৮ হাজার টন অতিক্রম করবে বলে আশা করা যাচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
ডিএসসিসি
ডিএসসিসি |সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে।

বৃহস্পতিবার (২৮ মে) রাতে নগর ভবনের শীতলক্ষ্যা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস সালাম জানান, ডিএসসিসি এলাকায় প্রথম দিনে মোট এক লাখ ১৮ হাজার ৭৮৯টি কোরবানির পশু জবাই করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, ঈদের দিন রাত সাড়ে ৮টা পর্যন্ত মোট ১২ হাজার ৬৮৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। চলমান কার্যক্রমের ধারা অনুযায়ী আজ রাত ১২টার মধ্যেই অপসারণকৃত বর্জ্যের পরিমাণ ১৮ হাজার টন অতিক্রম করবে বলে আশা করা যাচ্ছে।

এছাড়া, সিটি করপোরেশন এলাকার অস্থায়ী পশুর হাটগুলোতে প্রায় ৬৫ শতাংশ বর্জ্য ইতোমধ্যেই অপসারণ সম্পন্ন হয়েছে।

ডিএসসিসি প্রশাসক আরো জানান, করপোরেশনের মোট ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৭১টি ওয়ার্ডকে ইতোমধ্যে শতভাগ বর্জ্যমুক্ত করা হয়েছে। অবশিষ্ট চারটি ওয়ার্ডের প্রায় ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে বাকি বর্জ্য সরিয়ে নিতে পরিচ্ছন্নতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সফলভাবে বর্জ্য অপসারণে সার্বিক সহযোগিতার জন্য নগরবাসীকে ধন্যবাদ জানিয়ে প্রশাসক একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ে তুলতে ভবিষ্যতেও সবার সম্মিলিত সচেতনতা ও সহযোগিতা কামনা করেন।

সূত্র : বাসস