প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ পরিবর্তনের আশা জাগাচ্ছেন : মির্জা ফখরুল

‘নতুন করে বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী আচরণগত সংস্কৃতির পরিবর্তনেরও চেষ্টা করছেন।’

নয়া দিগন্ত অনলাইন
বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর |সংগৃহীত

জুলাই পরবর্তী দেশ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ পরিবর্তনের আশা জাগাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, নতুন করে বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী আচরণগত সংস্কৃতির পরিবর্তনেরও চেষ্টা করছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএফপি অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে প্রকাশনার মোড়ক উন্মোচন, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রী ক্লিন সিটি গড়তে নিজে ডাস্টবিনে ময়লা ফেলতে বলেন। তিনি সিটি করপোরেশনকে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন। তিনি তরুণদের মধ্যে পরিবর্তনের আশা জাগিয়ে তুলছেন।

মন-মানসিকতায় পরিবর্তন আনতে না পারলে দেশকে এগিয়ে নেয়া কষ্টকর বলেও মন্তব্য করেন মন্ত্রী।

এ সময় কিছুটা আক্ষেপ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গত ৫ মাসে দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি। শুধুমাত্র প্রধানমন্ত্রী দেশ ও সমাজ গড়তে পরিবর্তনকে ধারণ করে চলছেন।

তিনি বলেন, ২৪-এ এসে তরুণরা আন্দোলনে নেমে এসেছে। নিজেদের প্রাণ দিয়ে এই দেশ থেকে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে। আবার সেই আগের সমাজে ফিরে গেলে হাজারো প্রাণের বলিদান বৃথা হয়ে যাবে। জীবন দিয়েছে যারা তাদের ত্যাগের মূল্য দিতে হবে।

সেই ত্যাগের চেতনাকে ধারণ করতে হবে বলেও মনে করেন মন্ত্রী।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও পিএসসি’র সদস্য ড. চৌধুরী সায়মা ফেরদৌস।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা জুলাই শহীদ দিবস বিষয়ক প্রকাশনার মোড়ক উন্মোচন ও আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দফতর ও সংস্থার প্রধান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বাসস