আওয়ামী লীগের জয় বাংলা ব্রিগেডের সক্রিয় সদস্য মো: মেশকাত হোসেন বাক্কাকে (৩৬) গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
সোমবার (২ জুন) ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন নোবেল কেয়ার হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া মেশকাত আওয়ামী লীগের জয় বাংলা ব্রিগেডের সদস্য ও নওগাঁ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক।
সিটিটিসি সূত্রে আরো জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল-সংলগ্ন রমনা পার্কের ভেতরে রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করার মাধ্যমে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি ও রাষ্ট্রীয় কাজে বাধাদানের জন্য ষড়যন্ত্রমূলক মিটিং করার ঘটনায় রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতার হওয়া মেশকাত এ মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি। গ্রেফতার হওয়া মেশকাতের বিরুদ্ধে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বাসস



