বহুল আলোচিত ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য চূড়ান্ত সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির চতুর্থ বৈঠকে বিলটি সার্বিক পরীক্ষা-নিরীক্ষাপূর্বক এ সিদ্ধান্ত ও সুপারিশ গ্রহণ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি জয়নুল আবেদীন।
কমিটির বৈঠকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে চূড়ান্ত প্রতিবেদন তৈরি সংক্রান্ত বিষয়ে দীর্ঘ ও বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সংশোধিত খসড়া বিলটি সংসদে উপস্থাপনের অনুমোদন দেয়া হয়।
দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক কার্যক্রম, পেশাদারিত্ব এবং দক্ষ জনবল ও বিদ্যমান অবকাঠামোগত সরঞ্জামের সর্বত্তম ব্যবহার নিশ্চিতকরণ নিয়ে বৈঠকে নীতিগত আলোচনা করা হয়।
বৈঠকে পর্যবেক্ষণ তুলে ধরে বলা হয়, অতীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ (র্যাব) দেশের গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভিন্ন সময়ে রাজনৈতিক ও অনিয়মতান্ত্রিকভাবে অপব্যবহার করা হয়েছে। তবে কোনো বিশেষ বাহিনীর অতীতের অপব্যবহার বা ব্যক্তিস্বার্থের কারণে পুরো সংস্থাকে একবারে বিলুপ্ত না করে, বাহিনীটিতে কর্মরত দক্ষ জনবল এবং কোটি কোটি টাকার রাষ্ট্রীয় অবকাঠামোগত সরঞ্জামকে আধুনিক রাষ্ট্রব্যবস্থায় সমন্বয় করে সঠিক ও নিয়মমত কাজে লাগানোর ওপর জোর তাগিদ দেয়া হয়।
একই সাথে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আধুনিক প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা, মানবাধিকার রক্ষা ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকরণে প্রয়োজনীয় রূপরেখা ও আইনি পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
এ ছাড়া বৈঠকে বিরোধী দলের সাম্প্রতিক ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব, নিরপেক্ষ সহায়তা ও দায়িত্বশীল ভূমিকার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
বৈঠকে সংসদীয় কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, মো: কামরুজ্জামান, মো: মনোয়ার হোসেন, শিরীন সুলতানা, মো: নূরুল ইসলাম এবং মো: আব্দুল বাতেন অংশগ্রহণ করেন।
অন্যদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও অধিদফতরের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস



