টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ তাজা গোলা উদ্ধার

উদ্ধার আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ ও জব্দ বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিজস্ব প্রতিবেদক
উদ্ধার আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ ও জব্দ বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে
উদ্ধার আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ ও জব্দ বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে |ছবি : নয়া দিগন্ত

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে ২টি বিদেশী আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ তাজা গোলা উদ্ধার করেছে কোস্ট গার্ড।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মায়ানমার থেকে একটি অসাধু চক্র বাংলাদেশ-মায়ানমার সীমান্তবর্তী নাফ নদী এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গা ক্যাম্পের একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে আগ্নেয়াস্ত্র হস্তান্তর করবে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মধ্যরাত ১টা হতে সকাল ৮টা পর্যন্ত বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক একটি কাঠের বোটকে থামার সংকেত প্রদান করলে সংকেত অমান্য করে বোটটি দ্রুত নাইট্যংপাড়া প্যারাবনের ভেতর প্রবেশ করে এবং চক্রের সদস্যরা বোটটি রেখে পালিয়ে যায়।

পরে, ওই বোটে তল্লাশি চালিয়ে জালের ভেতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১টি বিদেশী রাইফেল (ম্যাগাজিনসহ), ১টি ৯ মি: মি: বিদেশী পিস্তল (ম্যাগাজিনসহ), ২২৯ রাউন্ড রাইফেলের তাজা গোলা, ২ রাউন্ড তাজা ও ১ রাউন্ড ফাঁকা পিস্তলের গোলা ও ২টি এমএ-১ রাইফেলের ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এ চক্রের সাথে জড়িতদের আটকের জন্য গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরো জোরদার করা হয়েছে।

উদ্ধার আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ ও জব্দ বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ও সীমান্ত এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।