চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ান শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) কার্যক্রমে অংশগ্রহণ শেষে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর ২টায় দালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।
এর আগে একই দিন সকালে দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন তিনি। ‘বিস্তৃত পরিসরে উদ্ভাবন’ শীর্ষক এ সেশন স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হয়।
সেশনের উদ্বোধনী বক্তব্য দেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। এতে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী উছরাল নিয়াম-ওসর, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহসহ বিভিন্ন দেশের সরকারপ্রধানরা অংশ নেন।
প্ল্যানারি সেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া সেশনের বিরতিতে বিশ্বনেতাদের অংশগ্রহণে একটি ফটোসেশন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত সোমবার (২২ জুন) ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিতে চীনের দালিয়ান শহরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এ সফরকে বাংলাদেশ-চীন সম্পর্ক এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।



