দৌলতদিয়ায় ফেরির ধাক্কায় বাস নদীতে

প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশ, উদ্ধার তৎপরতা জোরদার

পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনকে সর্বোচ্চ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনার পর থেকেই পরিস্থিতির ওপর সরকারের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নিজে সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছেন।

নিজস্ব প্রতিবেদক
গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় ডুবে যাওয়া বাস ও যাত্রীদের উদ্ধার তৎপরতা চলছে
গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় ডুবে যাওয়া বাস ও যাত্রীদের উদ্ধার তৎপরতা চলছে |নয়া দিগন্ত

দৌলতদিয়া ফেরি ঘাটে বাস দুর্ঘটনার তাৎক্ষণিক খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জেলা প্রশাসনের সাথে ফোনে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ দেন। পাশাপাশি আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বুধবার বিকেলে ঘটে যাওয়া এই বাস দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ দুর্ঘটনায় হতাহতের খবরে শোকাহত প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একইসঙ্গে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

তিনি জানান, পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনকে সর্বোচ্চ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনার পর থেকেই পরিস্থিতির ওপর সরকারের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নিজে সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছেন।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ঢাকাগামী একটি বাস পদ্মা নদীতে পড়ে যায়। বুধবার (বিকেল সোয়া ৫টার দিকে) দৌলতদিয়া তিন নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, প্রায় ৪০ জন যাত্রী নিয়ে বাসটি রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। ঘাটে নদী পারাপারের জন্য অপেক্ষমাণ অবস্থায় একটি ফেরির ধাক্কায় বাসটি পন্টুন থেকে ছিটকে পদ্মা নদীতে পড়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে।