বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম আজ রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক কার্যক্রম তদারকির লক্ষ্যে আকস্মিক পরিদর্শন করেন।
এ সময় মন্ত্রী বিমানবন্দরের কার্গো টার্মিনালের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঠিক নিয়ম অনুসরণ করে দ্রুত ও হয়রানিমুক্তভাবে পণ্য খালাস নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, নতুন গণতান্ত্রিক সরকারের অধীনে কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে এবং যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
পরে মন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হ্যাঙ্গার কমপ্লেক্স পরিদর্শন করেন এবং বিজি-২০২ ফ্লাইটের কারিগরি ত্রুটির বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের দ্রুত কেন্দ্রীয় হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স কার্যক্রম সম্পন্ন করে বিমানটিকে পুনরায় উড্ডয়নের উপযোগী করার নির্দেশনা দেন।
এ সময় তিনি বিমানের কেবিন ও ককপিট পরিদর্শন করে বিভিন্ন যন্ত্রপাতি ও প্যানেলের কার্যকারিতা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ বেবিচক ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কেন্দ্রীয় হাইড্রলিক সিস্টেমের আইসোলেটরে কারিগরি ত্রুটির কারণে উক্ত বিমানটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটে গ্রাউন্ডেড ছিল। পরে বিমানটিকে সচল করার লক্ষ্যে প্রয়োজনীয় মেইনটেন্যান্স কার্যক্রম চলমান রয়েছে।
সূত্র : বাসস



