ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন মিরপুর চিড়িয়াখানা রোড-সংলগ্ন মসজিদুল আকবার ঈদগাহ মাঠের সংস্কার কাজ সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়েছে।
প্রায় এক কোটি ২৮ লাখ ৪৮ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়িত এ প্রকল্পের মাধ্যমে মাঠটিকে আধুনিক ও জনবান্ধব অবকাঠামোয় রূপ দেয়া হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান।
ডিএনসিসির পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের উদ্যোগে মাঠটির সংস্কার কাজ বাস্তবায়ন করা হয়।
সংস্কার কাজের আওতায় মাঠে উন্নত ড্রেনেজ ব্যবস্থা, ২৬০ মিটার দীর্ঘ হাঁটার পথ, নিরাপত্তা বেষ্টনী, স্ট্রিট লাইট, একাধিক প্রবেশ গেট এবং ডাস্টবিন স্থাপন করা হয়েছে। মাঠটিতে একসাথে প্রায় সাত হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন। পাশাপাশি জানাজার নামাজ আদায়ের সুবিধাও রাখা হয়েছে।
অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান বলেন, এ মাঠের সাথে তার শৈশব ও রাজনৈতিক জীবনের বহু স্মৃতি জড়িয়ে আছে। তাই মাঠটিকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও সবার জন্য উন্মুক্ত পরিবেশ হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশন কাজ করছে।
তিনি বলেন, মাঠের চারপাশে দীর্ঘদিন ধরে অনুমোদনহীন মাছের বাজার ও বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে ওঠায় পরিবেশ দূষণ, দুর্গন্ধ ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। আজকের পর থেকে সেখানে কোনো অবৈধ কাঁচাবাজার, মাছের বাজার কিংবা ফুটপাত দখল করে ফুড কোর্ট বসতে না দেয়ার বিষয়েও তিনি কঠোর নির্দেশনা দেন।
প্রশাসক আরো বলেন, মাঠটি সারাদিন এলাকাবাসীর জন্য উন্মুক্ত থাকবে এবং শিশু-কিশোর ও তরুণরা এখানে খেলাধুলা করতে পারবে। খেলাধুলার সরঞ্জামের প্রয়োজন হলে সিটি করপোরেশনের পক্ষ থেকে সহায়তা দেয়া হবে বলেও জানান তিনি। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্বের কথাও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি। তিনি বলেন, রাজধানীর অধিকাংশ এলাকায় শিশু-কিশোরদের খেলাধুলা ও বিনোদনের জায়গার সঙ্কট রয়েছে।
অনেক মাঠ দখল বা অব্যবস্থাপনার কারণে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এই মাঠ সংস্কারের মাধ্যমে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে, যা রক্ষায় স্থানীয় জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরো বলেন, ফুটপাত দখল, অবৈধ ফুড কোর্ট ও মাছ বাজারের কারণে নগর পরিবেশ নষ্ট হচ্ছে। এসব প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন, পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, আলেম-ওলামা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। বাসস



