রাজধানীর মিরপুরে শিশু রামিসা হত্যার বিচার প্রসঙ্গে সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন বলছেন, ‘মাইরা ফালানো—দিস ইজ টু ব্যাড, দিস ইজ টু ব্যাড।’ রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যেন এইরকম অপরাধের পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা অন্য কেউ করার দুঃসাহস না দেখায়।
বৃহস্পতিবার (২১ মে) জাতীয় প্রেসক্লাবে ‘দেশব্যাপী হামের প্রাদুর্ভাব ও সচেতনতা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেন, রামিসার রূহের মাগফেরাত কামনা করি এবং তার পরিবারের পাশে আমরা সবাই থাকতে চাই। যে অভিযুক্ত তাকে ধরা হয়েছে এবং তার যথাযথ ও দৃষ্টান্তমূলক বিচার এমন হওয়া উচিত, যার কারণে কেউ কখনো যেন আইন নিজের হাতে তুলে না নেয়।
তিনি বলেন, কাজেই বর্তমান সরকার ও বর্তমান প্রধানমন্ত্রী গত কয়েক দিন আগেই চাইল্ড অ্যাবিউজ অ্যান্ড উইমেন ভায়োলেন্সের বিরুদ্ধে একদম জিরো টলারেন্সে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সেইজন্যই যেমন আগে একটি আইন সহায়তা কেন্দ্র ছিল, এখন এটি ‘আইন সহায়তা অধিদফতর’ হয়েছে এবং এখানে একটি মাল্টি-সেক্টরাল অ্যাপ্রোচ নেয়া হয়েছে। অর্থাৎ এখানে শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, ল এনফোর্সিং অথরিটি, ম্যাজিস্ট্রেসি’র সমন্বয়ে এবং আইন মন্ত্রণালয় লিড মিনিস্ট্রি হিসেবে দায়িত্ব পালন করবে। যাতে কোনো অবস্থাতেই শিশু এবং নারীদের ওপর কোনো ধরনের সেক্সুয়াল অ্যাবিউজ বা কোনো অত্যাচার না হতে পারে।’



